পেয়ার আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমজমাট প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমিকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে দুই দলের অংশগ্রহণে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নারী ফুটবলারদের উৎসাহ দিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। স্বাগতিক জনগাঁও একাডেমি প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা করলেও রাঙ্গাটুঙ্গী একাডেমির খেলোয়াড়দের দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিশ্চিত হয়।
খেলার মধ্য দিয়ে নারী ফুটবলারদের ক্রীড়াচর্চা, প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহসভাপতি মনসুর কামাল নান্নু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি কনক।
এ ছাড়া ইএসডিওর থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী কাজী মো. সেরাজুস সালেকিন ও প্রকল্প ব্যবস্থাপক ওয়ালিউর রহমান ওলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমির খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নারী ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না চসিক প্রশাসক
আরও পড়ুন: কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন
আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল ফোরামের দোয়া মাহফিলে

