নওগাঁ জেলা প্রতিনিধি : মো: মাসুদ রানা মিশু: রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (আরএনবিআইইউ) প্রক্টরিয়াল টিমের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক আবু সাঈদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে এ দায়িত্বে নিয়োগ প্রদান করে। ১ নভেম্বর ২০২৬ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আইন বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
জানা যায়, আবু সাঈদ গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
প্রক্টরিয়াল টিমের সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতি ও প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাবান্ধব পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার এবং ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এসব সাংবিধানিক মূল্যবোধ ধারণ করে একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আইন বিভাগের প্রভাষক আবু সাঈদ বলেন, “প্রক্টরিয়াল টিমের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মান ও গর্বের পাশাপাশি বড় একটি আমানত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।
আরও পড়ুন: মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিজানুর রহমান মিনু
আরও পড়ুন: চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ র্যালি

