মোঃ লুৎফর রহমান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মিথ্যা মামলা, হামলা ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (২১ অক্টোবর) সকালে কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ধামইরহাটে বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জমিজমা নিয়ে রেজাউল হাওলাদার ও তাঁর চাচাতো ভাই ইকবাল হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় , গত সোমবার রাতে ইকবাল হাওলাদারের বোন মহরজানকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে স্থানীয় বিএনপি নেতা শহিদ খান, সাবেক সেনাসদস্য সাইদুর রহমান খান ও চুন্নু ফকিরকে জড়িয়ে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এ কারণে এসব অভিযোগের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।
আরও পড়ুন: গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে শরিফ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা
একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে , কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, দোকান নিয়ে রেজাউল হাওলাদার ও সাইদুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে মীমাংসার জন্য পূজার পর উভয় পক্ষকে নিয়ে বসার কথা ছিল। তবে তার আগেই তাঁরা আবারও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাই তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

