DSF NEWS
ঢাকা Saturday, 26 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে খাবার কিনতে গিয়ে অতিরিক্ত টাকা ও দুর্ব্যবহারের অভিযোগ

DSF NEWS
DSF NEWS
September 26, 2026 10:51 pm
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে একটি রেস্টুরেন্ট থেকে ৪০ জনের খাবার কিনতে গিয়ে প্যাকেটজাতকরণ, অতিরিক্ত টাকা আদায়, খাবার সরবরাহে বিলম্ব ও ম্যানেজারের আচরণ নিয়ে অভিযোগ করেছেন এক গ্রাহক।

অভিযোগকারী জানান, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর পরিবারের জন্য খাবার কিনতে তিনি গোলাপগঞ্জের কদমতলী এলাকার সানরাইজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে যান। তাঁর অর্ডার ছিল প্রায় ৪০ জনের জন্য ৪০টি আলাদা খাবারের প্যাকেট। প্রতিটি প্যাকেটে একটি নান ও এক কোয়ার্টার চিকেন তান্দুরি দেওয়ার কথা ছিল।

অভিযোগ অনুযায়ী, অর্ডার দেওয়ার সময় রেস্টুরেন্টের কাউন্টার ম্যানেজার ৪০টি আলাদা প্যাকেট দিতে অপারগতার কথা জানান। চারজনের খাবার একসঙ্গে একটি বড় বক্সে করে দেওয়ার কথা বলা হয়। এতে ৪০ জনের খাবার ১০টি বক্সে নিতে হতো।

গ্রাহকের দাবি, খাবারগুলো ৪০ জন আলাদা ব্যক্তির মধ্যে বিতরণ করতে হবে—এ কথা জানিয়ে তিনি পৃথক প্যাকেট দেওয়ার অনুরোধ করেন। তবে ম্যানেজার এতে সম্মতি দেননি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কথা জানান।

অভিযোগকারী আরও বলেন, একটি নান ও এক কোয়ার্টার চিকেন কিনলে আলাদাভাবে বক্স, নান ও সস দেওয়ার নিয়ম রয়েছে বলে তাঁকে জানানো হয়। এ অবস্থায় একই খাবার ৪০ জনের জন্য কিনলে পৃথক প্যাকেট দিতে সমস্যা কোথায়—এ প্রশ্ন করলেও তিনি সন্তোষজনক উত্তর পাননি বলে দাবি করেন।

পরে অতিরিক্ত বক্সের জন্য টাকা দিতে হলেও আলাদা প্যাকেটে খাবার দেওয়ার অনুরোধ করেন তিনি। অভিযোগকারীর দাবি, এ সময় ম্যানেজারের কথাবার্তা ও আচরণ তাঁর কাছে অসৌজন্যমূলক মনে হয়।

এদিকে খাবার প্রস্তুত হতে প্রায় ৪০ মিনিট সময় লাগবে বলে জানানো হলেও খাবার প্রস্তুত হওয়ার পর সসের জন্য আরও প্রায় ২০–২৫ মিনিট অপেক্ষা করতে হয় বলে অভিযোগ করেন ওই গ্রাহক। এতে খাবার ঠান্ডা হয়ে যায় এবং বাসায় পৌঁছাতেও আরও প্রায় ২০–২৫ মিনিট সময় লাগে বলে জানান তিনি।
বক্সের জন্য অতিরিক্ত ৩০০ টাকা নেওয়ার অভিযোগ
অভিযোগকারীর দাবি, ৪০ জনের খাবারের জন্য বক্স বাবদ তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি একই রেস্টুরেন্টের অন্য একটি বিলের সঙ্গে বিষয়টি তুলনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর এক বন্ধু একই রেস্টুরেন্ট থেকে ১৮০ টাকার খাবার কিনলেও তাঁর কাছ থেকে বক্সের জন্য আলাদা কোনো টাকা নেওয়া হয়নি।
এ কারণে অভিযোগকারী প্রশ্ন তুলেছেন, একজন গ্রাহক একটি খাবার কিনলে যদি বক্সের জন্য অতিরিক্ত টাকা না দিতে হয়, তাহলে একই ধরনের খাবার একসঙ্গে ৪০টি কিনলে বক্স বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার নীতিমালা কী এবং এর যৌক্তিকতা কী।
অভিযোগকারী বলেন, অতিরিক্ত প্যাকেজিং খরচ থাকলে তিনি তা দিতে আপত্তি করেননি। তবে এ ক্ষেত্রে রেস্টুরেন্টের নিয়ম ও অতিরিক্ত ৩০০ টাকা নেওয়ার কারণ স্পষ্টভাবে জানানো উচিত ছিল বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, তাঁর অভিযোগ খাবারের স্বাদ নিয়ে নয়; বরং ম্যানেজারের আচরণ, খাবার প্যাকেটজাতকরণ নিয়ে জটিলতা, অতিরিক্ত ৩০০ টাকা নেওয়া এবং খাবার সরবরাহে বিলম্ব নিয়েই তাঁর আপত্তি।

এ বিষয়ে সানরাইজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কর্তৃপক্ষের বক্তব্য নিত বারবার তা‌দের মোবাইল ফো‌নে যোগা‌যোগ কর‌লে কেউ রি‌সিভ ক‌রেন‌নি।

অভিযোগকারী রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেন, একজন গ্রাহক একটি খাবার কিনুন কিংবা ৪০টি—সবার সঙ্গে সম্মানজনক আচরণ করা উচিত।
তিনি তাঁর অভিজ্ঞতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য গ্রাহকদের কাছেও জানতে চেয়েছেন—একটি খাবার কিনলে বক্সের জন্য অতিরিক্ত টাকা না নেওয়া হলেও ৪০টি খাবারের ক্ষেত্রে বক্স বাবদ অতিরিক্ত ৩০০ টাকা নেওয়া কতটা যৌক্তিক।

গোলাপগঞ্জ প্রতিনিধি/

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।