DSF NEWS
ঢাকাSaturday , 22 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সহপাঠীদের এক দশক আগে জিসিএসই, ৭ বছরেই গণিতে সর্বোচ্চ গ্রেড–৮ পেল লন্ডনের বিস্ময়বালক

DSF NEWS
DSF NEWS
August 22, 2026 4:40 am
Link Copied!

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের মাত্র সাত বছর বয়সী জিভিয়ান ধ্রুভা জিসিএসই গণিত পরীক্ষায় অসাধারণ ফল করে আলোচনায় এসেছে। হিলিংডনের সাউথ রুইসলিপ এলাকার এই শিশু সহপাঠীদের তুলনায় প্রায় এক দশক আগে পরীক্ষায় অংশ নিয়ে তিনটি প্রশ্নপত্রে মোট ২৪০ নম্বরের মধ্যে ১৯৬ পেয়েছে এবং গ্রেড–৮ অর্জন করেছে, যা প্রচলিত হিসাবে এ গ্রেডের সমতুল্য।

ফল প্রকাশের পর নিজের নম্বর দেখে জিভিয়ানের নিজেরও বিস্ময় তৈরি হয়। সে জানিয়েছে, এত ভালো ফলের আশা করেনি। যদিও পরীক্ষাগুলো তার কাছে সহজ মনে হয়েছিল, গ্রেড–৯ না পাওয়ায় তার কিছুটা আক্ষেপ রয়েছে।

আরও বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকলেও শেষ প্রশ্নপত্রে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পরীক্ষাকেন্দ্রে অন্য শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে যেতে শুরু করলে জিভিয়ান বিভ্রান্ত হয়ে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই পরীক্ষা হল থেকে বের হয়ে আসে। তার বাবা ধ্রুভা কাট্টা জানান, অন্য শিক্ষার্থীরা পরীক্ষা কঠিন মনে করে বেরিয়ে যাচ্ছিল। তবে জিভিয়ান ভেবেছিল, পরীক্ষায় হয়তো কোনো সমস্যা হয়েছে।

জিভিয়ানের বাবা পেশায় একজন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী। ছোটবেলা থেকেই তিনি ছেলেকে গণিত শেখাতে শুরু করেন। সময়ের সঙ্গে জিভিয়ানের অগ্রগতি এত দ্রুত হয় যে তাকে ছেলের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন গাণিতিক তত্ত্ব নতুন করে পড়তে ও শিখতে হয়েছে।

ছেলের মেধার বিকাশ দেখে চলতি বছরের ফেব্রুয়ারিতে জিভিয়ানের বাবা-মা তাকে প্রচলিত বিদ্যালয় থেকে সরিয়ে বাড়িতে পড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের ভাষ্য, জিভিয়ান মূলধারার পাঠ্যক্রমে একঘেয়েমি বোধ করছিল এবং জিসিএসই পরীক্ষায় অংশ নেওয়ার মতো প্রস্তুত হয়ে গিয়েছিল।

এখন পরিবারটির লক্ষ্য আগামী বছরই জিভিয়ানকে গণিতে এ-লেভেল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। পাশাপাশি ইংরেজি ও পদার্থবিজ্ঞানেও জিসিএসই পরীক্ষায় অংশ নেওয়ার আগ্রহ রয়েছে তার। তবে বাবা-মা জানিয়েছেন, তারা ছেলেকে কোনোভাবেই তাড়াহুড়ো করে এগিয়ে নিতে চান না। তার ইচ্ছা ও আগ্রহ অনুযায়ী শিক্ষার পথ নির্ধারণ করাই তাদের লক্ষ্য।

অসাধারণ মেধাবী হলেও জিভিয়ানের দৈনন্দিন জীবন অন্য শিশুদের মতোই স্বাভাবিক। সে নাচতে ভালোবাসে, নিনটেন্ডো গেম খেলে, ফুটবল খেলতে পছন্দ করে এবং বিভিন্ন ক্লাবে অংশ নিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটায়।

ভবিষ্যতে মানুষের কাজে সহায়তা করতে পারে এমন রোবট তৈরি করাই জিভিয়ানের স্বপ্ন। এই সাফল্য উদ্‌যাপন করতে নভেম্বরে জাপান ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে পরিবারটি। জিভিয়ান ইতোমধ্যেই স্কটল্যান্ডে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করেছে।

এদিকে, ২০২৬ সালের জিসিএসই ফলাফলেও লন্ডন ইংল্যান্ডের সেরা পারফরমিং অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে। চলতি বছরে লন্ডনের ২৮ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী গ্রেড–৭ বা তার বেশি পেয়েছে, যা দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।