আজকের সর্বশেষ সবখবর

দাকোপে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, মাঠ ভরা আমন ধান ও সবজি ক্ষেত নিয়ে দিশেহারা কৃষক

DSF NEWS
DSF NEWS
November 20, 2026 9:53 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে খুলনার দাকোপ উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে, মাঠে পাকা ধান ও শীতকালীন সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

 

এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ধান ও সবজির জমিতে পানি জমেছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির খেতেও পানি জমেছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৩৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৯৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ করা হয়েছে।উপজেলার বাজুয়া গ্রামের কৃষক সুপদ মন্ডল জানান, তাঁর জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বৃষ্টি না কমলে ধান ঘরে তোলা সম্ভব হবে না। এ ছাড়া মাঠের প্রতিটি জমিতে পাকা ধান উঁকি মারছে কেবল কিছু কিছু জমিতে ধান পাকতে শুরু করেছে। বেড়েরখাল গ্রামের ফুলকপি চাষি  অনিমেষ বলেন, তাঁর ফুলকপির গাছে পাতা বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষক তুষার বলেন, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। তাঁর বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তিনি। স্থানীয় বাসিন্দা দিলীপ বলেন, দুই দিনের অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে তাঁরা কাজে যেতে পারছেন না।

ফলে তাঁদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার বলেন, ‘বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপ থানা পুলিশের অভিযানে ২৪পিচ কচ্ছপ সহ দেবদাস মোড়ল (৪৫) কে আটক

আরও পড়ুন: সংসদ সদস্য আমীর এজাজ খানের নেতৃত্বে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মিছিল

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।