বাংলাদেশে আইনগত বাধ্যবাধকতা থাকার পরও গত দুই বছর দুই মাস ধরে কার্যকর কোনো তথ্য কমিশন নেই। তথ্য অধিকার বিষয়ক এক সম্মেলনে জানানো হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে এত দীর্ঘ সময় ধরে কমিশন ছাড়া তথ্য অধিকার ব্যবস্থা অচল থাকার কোনো নজির নেই। এই পরিস্থিতি কেবল সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নেতৃত্বশূন্যতাই নয়, বরং এটি নাগরিকের তথ্য পাওয়ার অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহির প্রতি চরম অবহেলার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।
তথ্য অধিকার আইন, ২০০৯-এর অধীনে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্য পাওয়ার আইনি অধিকার রয়েছে নাগরিকদের। কোনো কর্তৃপক্ষ যদি নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানে ব্যর্থ হয়, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য দেয় অথবা আবেদন গ্রহণে অস্বীকৃতি জানায়, তবে নাগরিকরা তথ্য কমিশনের কাছে অভিযোগ করতে পারেন। কমিশন এসব অভিযোগের শুনানি, জরিমানা ও ক্ষতিপূরণ আদেশের মাধ্যমে আইনের কার্যকারিতা নিশ্চিত করে। তবে দীর্ঘদিন ধরে কমিশন অচল থাকায় বর্তমানে প্রায় সাড়ে ৮০০ অভিযোগ নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে আছে। কমিশনার না থাকায় এসব অভিযোগের শুনানি কিংবা তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বর্তমানে কার্যত বন্ধ রয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কমিশন গঠন করা সম্ভব হয়নি। সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। গত জুলাই মাসে একটি বাছাই কমিটি গঠনের পর এক মাসের মধ্যে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমাও অতিক্রম করেছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিষয়ে এমন দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তথ্য অধিকার ব্যবস্থার সংকট কেবল কমিশনহীনতার মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন জরিপে দেখা গেছে, নাগরিকদের মধ্যে তথ্যের প্রয়োজন অনুভব করেন ৭২ শতাংশের বেশি মানুষ, অথচ এই আইন সম্পর্কে জানেন মাত্র ১০ শতাংশের সামান্য বেশি। একই সঙ্গে তথ্য পাওয়ার ক্ষেত্রে নাগরিকের ইতিবাচক অভিজ্ঞতা কমছে; তথ্য আবেদনের স্বীকৃতি পাওয়ার হার ২০১৯ সালের ৭৫ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৪৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। এসব তথ্য প্রমাণ করে যে, কেবল আইন থাকলেই নাগরিকের অধিকার নিশ্চিত হয় না; এর জন্য প্রয়োজন কার্যকর প্রতিষ্ঠান ও প্রশাসনের সদিচ্ছা।
আইন সংস্কারের ক্ষেত্রে কিছু প্রস্তাবনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তথ্য অধিকার আইনের সঙ্গে অপতথ্য নিয়ন্ত্রণের বিষয় যুক্ত করার প্রক্রিয়াটি। এটি আইনের মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করতে পারে। অপতথ্যের দোহাই দিয়ে নাগরিকের তথ্য পাওয়ার সুযোগ সংকুচিত করা অনুচিত। অবিলম্বে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে যোগ্য, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করতে হবে। দলীয় বিবেচনায় বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্বাসনের মাধ্যম হিসেবে এই কমিশনকে ব্যবহার না করে অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিশেষ ব্যবস্থা ও দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের ওপর জোর দিতে হবে।
আরও পড়ুন: এআই ও সাংবাদিকতা: বিশ্বাসযোগ্য তথ্যের জন্য জরুরি নতুন সমঝোতা
আরও পড়ুন: কিশোর আলোর ১৩ বছর: স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে পথচলা

