দলীয় নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দখলবাজি, চাঁদাবাজি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনি উভয় ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর গতকাল তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করায় মিষ্টির আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমপি মিষ্টির পদত্যাগের ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে।
তদন্তে অপরাধের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার পর থেকেই তা কার্যকর হয়েছে। এদিকে, ঘটনার দায়ভার নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হাইকমান্ড। এছাড়া এই তিন সংগঠনের মোট ১১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধী দলের যত বড় নেতাই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না—এই কঠোর বার্তা থেকেই এমন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই কমিটির ভেঙে দেয়ার ফলে পরবর্তী নেতৃত্ব নির্ধারণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাসের প্রশ্ন উঠেছে।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে গত ২৪শে সেপ্টেম্বর রাতে দুই থেকে আড়াইশ দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় তারা মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধেছিল। এই হামলার পেছনে স্থানীয় প্রভাবশালী এবং দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে দায়বদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, তদন্তে দোষী সাব্যস্ত হলে সংসদ সদস্য হিসেবে নয়, একজন অপরাধী হিসেবেই মিষ্টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কোনো রাজনৈতিক ছাড় দিচ্ছে না। এজন্য সরকার নির্মোহভাবে কাজ করছে এবং যেখানে কোনো অপচেষ্টা বা অন্যায় হচ্ছে, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের মূল অগ্রাধিকার। যদি কোনো দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে। গত ২৪শে সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়।
ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত হওয়ার পর দলীয় পদপ্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কমিটি বিলুপ্তি ও নেতাদের বহিষ্কারের ঘটনা সংগঠনের ভেতরে নেতৃত্বের জবাবদিহি ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বহিষ্কৃতদের তালিকায় মহানগর উত্তর বিএনপির ৩ জন, উত্তর যুবদলের ৩ জন এবং মহানগর পশ্চিম ছাত্রদলের ৫ নেতা রয়েছেন। দলটির নীতিনির্ধারকরা বলছেন, বিএনপিতে দখল বা চাঁদাবাজির কোনো স্থান নেই, যা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের জন্য একটি বড় সতর্কবার্তা। ইতিমধ্যে নতুন কমিটিতে জায়গা পেতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। নতুন কমিটিতে কারা আসছেন এবং তৃণমূলের সক্রিয় নেতাদের কীভাবে মূল্যায়ন করা হবে— এসব প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি’র মনোনয়নে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন ছিলেন। গত ৩০শে এপ্রিল সংরক্ষিত নারী সদস্যদের গেজেট প্রকাশিত হয় এবং ৩রা মে তারা শপথ গ্রহণ করেছিলেন। মিষ্টির রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি আগে মিরপুর এলাকার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার বড় ভাই সাবেক ছাত্রদল সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টু এবং স্বামী সাবেক কাউন্সিলর প্রয়াত সাইদুর রহমান নিউটন—উভয়ই অতীতে বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টির অনুসারীদের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর থেকেই তার রাজনৈতিক দায় ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

