DSF NEWS
ঢাকা Sunday, 9 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার উপকূলীয় গ্রাম দাকোপের পানখালী হচ্ছে ‘এসডিজি ভিলেজ’, ১০ আগস্ট সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

DSF NEWS
DSF NEWS
August 9, 2026 6:55 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দুটি গ্রাম হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর।আগামীকাল (১০ আগস্ট) খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন তিনি মিতিঙ্গাছড়ি ও নাফানগর গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে গ্রাম দুটিকেও এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। একটি গ্রামকে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার উদ্যোগই এসডিজি ভিলেজ। সরকারের এ উদ্যোগে পানখালী গ্রামের বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। গ্রাম্য চিকিৎসক মহিদুল শেখ, মৎস্যজেলে পরিমল রায়, কৃষক মাহবুবুর রহমান, অরবিন্দু মণ্ডল ও দিনমজুর আব্দুর রশিদ গাজীসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘গ্রাম হবে শহর’—এটি ছিল তাঁদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এসডিজি ভিলেজ হিসেবে পানখালী গড়ে ওঠার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের নানা সংকটে থাকা পানখালী গ্রামে বৈদ্যুতিক আলো ছড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। কৃষিতে আসবে পরিবর্তন, বাড়বে মানসম্মত শিক্ষার সুযোগ। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্রামে মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত হলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ের সুযোগও বাড়বে। পানখালী গ্রামবাসীর প্রত্যাশা, এসডিজি ভিলেজ বাস্তবায়নের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এ উদ্যোগের জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু জানান, উদ্বোধনের অপেক্ষায় থাকা পানখালী এসডিজি ভিলেজের সার্বিক কার্যক্রম পরিদর্শনে গত ৬ আগস্ট খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন সরেজমিনে গ্রামটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়ন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।এর আগে উপজেলা প্রশাসনের দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার পানখালী গ্রামের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা এবং জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার পরামর্শ দেন। এ ছাড়া সম্প্রতি পানখালী গ্রাম পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
ইউএনও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে পানখালী গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, এসডিজি ভিলেজ হিসেবে পানখালীকে গড়ে তোলার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ তাঁদের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সক্ষম হবেন। তাঁর মতে, পানখালী দেশের অন্যান্য গ্রামের জন্যও অনুসরণযোগ্য একটি উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। পানখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম বলেন, পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণার দিনক্ষণ নির্ধারণ হওয়ায় গ্রামের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী পানখালী গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, সরকারের এ উদ্যোগকে গোটা পানখালী ইউনিয়নবাসী স্বাগত জানাচ্ছেন। সমুদ্র উপকূলীয় এ উপজেলার সদর ইউনিয়নের পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হলে গ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় গ্রামের মানুষের স্বাবলম্বী হওয়ার পথও সুগম হবে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আরও পড়ুন: খুলনার দাকোপে হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।