আজকের সর্বশেষ সবখবর

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না চসিক প্রশাসক

DSF NEWS
DSF NEWS
November 21, 2026 11:12 pm
Link Copied!

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর উন্নয়ন কার্যক্রমে কোনো এলাকাকে পিছিয়ে রাখা হবে না। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডের ছোট-বড় অলিগলি পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নগরীর প্রতিটি এলাকার মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষাকাল শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস, অর্থাৎ পুরো শীতকাল ও বসন্ত মৌসুমজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলবে। প্রতিটি ওয়ার্ডের অলিগলি চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন করা সড়কগুলো হলো—ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবন সংলগ্ন সড়ক। প্রশাসক বলেন, গত দুই বছরে নগরীতে সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন সংস্কারসহ প্রায় ২৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। কোনো কোনো ওয়ার্ডে ১২৫ থেকে ১৫০ কোটি টাকা এবং কোনো কোনো ওয়ার্ডে ২২৫ থেকে ২৫০ কোটি টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডেও ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরীর অনেক অলিগলি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। শুধু প্রধান সড়ক নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সিটি কর্পোরেশন কাজ করছে। এই উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, রাস্তা নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়নকাজের মান বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের প্রত্যাশা পূরণে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, খোরশেদ আলম, আব্দুল কাদের, আবদুর রহিম, ফরিদুল আলম ও মাওলানা মুসা; চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, সেলিম উল্লাহ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন লেদু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাকিম মাহমুদ, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাদের আসাদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদ্দামুল হক সাদ্দাম, রাকিবুল ইসলাম রাকিব, মনসুর সওদাগর, সফিউল বশর সাজু, গিয়াস উদ্দিন আবিদ, মোস্তাফা আলম কিশোর, মো. আব্দুর রহিম মিনু, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ সুমন, নিজামুদ্দিন, সালাউদ্দিন বাপ্পি, রিয়াজ শিকদার ও মো. জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গীর শিরোপা জয়

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।