আজকের সর্বশেষ সবখবর

সিডিএর ডাকেও সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার নির্মাণকাজ

DSF NEWS
DSF NEWS
November 17, 2026 1:06 am
Link Copied!

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: পাঁচতলা করার পর হেলে পড়েছিল ভবন, তিন বছর পর ফের নির্মাণকাজ; আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার নিরিবিলি আবাসিক এলাকায় হেলে পড়া একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৩০ বছর আগে নির্মিত চারতলা আবাসিক ভবনটি পাঁচতলায় উন্নীত করার পর হেলে পড়ে। এ অবস্থায় বন্ধ রাখা হয়েছিল নির্মাণকাজ। কিন্তু প্রায় তিন বছর পর আবারও সেই হেলে পড়া ভবনে সপ্তম তলার নির্মাণকাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটি আগে থেকেই হেলে পড়া অবস্থায় রয়েছে। এর মধ্যে নতুন করে আরও তলা নির্মাণ করা হলে ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। এমন দুর্ঘটনা ঘটলে শুধু ওই ভবন নয়, আশপাশের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কয়েকশ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এলাকাবাসী বলেন, আমরা সব সময় আতঙ্কের মধ্যে আছি। কখন কী ঘটে, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে। ভবনটি ধসে পড়লে আশপাশের মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভবন মালিক জানান, ভবনটির মালিক অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আশপাশের ভবন মালিকরা ভয়ে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না। তিনি আরও জানান, প্রায় ৩০ বছর আগে তৎকালীন উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ইসমাইল হোসেন ভবনটির চারতলা ফাউন্ডেশনের অনুমতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে ওই চারতলা ভবনটি পাঁচতলায় উন্নীত করার চেষ্টা করলে ভবনটি হেলে যায়। এরপরও ঝুঁকিপূর্ণ ভবনটিতে কীভাবে আবার সপ্তম তলার নির্মাণকাজ চলছে, তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।

এদিকে ভবনটির মালিক দুই ভাই সামছু ও মাহবুবের সঙ্গে এ বিষয়ে কথা বলতে এবং ভবনের নির্মাণকাজের অনুমোদন ও সংশ্লিষ্ট তথ্য জানতে সাংবাদিক যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁরা সাংবাদিককে কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেননি। বরং বারবার বিষয়টি এড়িয়ে যান। ফলে ভবনটির নির্মাণকাজের বৈধতা ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত পরিদর্শক জাফর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সরেজমিনে গিয়ে ভবনটি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর ভবন মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু সিডিএর পক্ষ থেকে ডাকার পরও ভবন মালিক কার্যালয়ে উপস্থিত হননি। বরং আজ-কাল করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।

অন্যদিকে, এলাকার পার্শ্ববর্তী ভবন মালিকরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তিনি একজন দক্ষ নগর গড়ার কারিগর এবং চট্টগ্রামের উন্নয়নে নিবেদিতপ্রাণ। তাঁর সময়ে একটি হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনে এভাবে নির্মাণকাজ চলমান থাকার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সিডিএর পক্ষ থেকে ভবন মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ কার্যালয়ে উপস্থিত হতে বলা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। তাঁদের প্রশ্ন, সিডিএর ডাকে সাড়া না দিয়ে এভাবে নির্মাণকাজ চালিয়ে যাওয়া কি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল নয়?

এলাকাবাসীর মতে, আবাসিক এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। সম্ভাব্য দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁরা সিডিএর সংশ্লিষ্ট বিভাগের কাছে ভবনটির অনুমোদিত নকশা, নির্মাণের বৈধতা ও কাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে ভবনটির প্রকৃত অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: খানকায়ে আহমদিয়া ট্রাস্টের ৫৫তম বিশেষ আধ্যাত্মিকতা কোর্স শুরু

আরও পড়ুন: ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তি র‍্যালি উদ্বোধন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।