ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে এক বিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছে। ভ্যাটিকানের তরফ থেকে প্রকাশিত মেডিকেল বুলেটিনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৭১ বছর বয়সী পোপের শারীরিক এই পরিস্থিতিকে চার্চের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, পোপ লিওর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। অস্ত্রোপচারের সময় নেওয়া টিস্যুর পরীক্ষায় চিকিৎসকদের আগের সন্দেহের সত্যতা পাওয়া গেছে। সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে অস্বাভাবিক টিস্যু বা টিউমার ধরা পড়ে।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পোপের প্রধান শল্যচিকিৎসক ডা. স্তেফানো মার্গারিতোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইজি কারবোনের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রায় ৯০ মিনিট স্থায়ী এই জটিল প্রক্রিয়ায় ভিডিও-সহায়তাপ্রযুক্তি ব্যবহার করে পোপের ডান ফুসফুসের নিচের খণ্ডটি সফলভাবে কেটে ফেলা হয়। ক্যানসার নিরাময়ের লক্ষ্যে এই অস্ত্রোপচার চালানো হলেও টিউমারের প্রকৃত আকার এবং এই রোগ শরীরের লসিকাগ্রন্থিতে ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কোনো জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ ডা. স্টিফেন লিউ রয়টার্সকে বলেন, রোগ শনাক্ত করা সম্ভব হলেও ক্যানসারের পর্যায় বা স্টেজ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি ব্যাখ্যা করেন, টিউমার যদি ছোট আকারের হয় এবং এটি লসিকাগ্রন্থি পর্যন্ত না পৌঁছে থাকে, তবে কেবল এই অস্ত্রোপচারের মাধ্যমেই রোগটি পুরোপুরি নিরাময় করা সম্ভব হতে পারে। পোপের সুস্থতার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২০ অক্টোবর পর্যন্ত তার সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে। তার জন্ম ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
হাসপাতালে যাওয়ার পথে পোপকে বেশ শান্ত দেখা গেছে। রোমের ভ্যাটিকান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের জেমেলি হাসপাতালে যাওয়ার সময় তিনি একটি কালো গাড়িতে ছিলেন। গাড়ির পেছনের জানালা দিয়ে তাকে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। সে সময় হাসপাতালের বাইরে সমবেত ভক্ত ও শুভানুধ্যায়ীরা ইতালীয় ভাষায় ‘আগুরি’ বলে তাকে শুভকামনা জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের কার্ডিনালদের ভোটে পোপ নির্বাচিত হন লিও। ৭১ বছর বয়সী এই ধর্মগুরু চার্চের নেতৃত্বে থাকা তুলনামূলক নবীনদের একজন। তার আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। যদিও ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মারা যাওয়া পোপের শারীরিক ইতিহাসের কথা অনেকে স্মরণ করছেন। নিজের জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে পোপ লিও অতীতে জানিয়েছিলেন, ১৯৮৫ সালে পেরুর চুলুকানাসে যাজক থাকাকালে টাইফয়েড জ্বরের তীব্র যন্ত্রণায় তিনি একসময় ঈশ্বরের কাছে মৃত্যুকামনা করেছিলেন। বর্তমানে প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন বিশ্ববাসী। ১৯৮৫ সালে পেরুর চুলুকানাসে তরুণ যাজক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

