বদরুল মনসুর: গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার আমিনুর রহমান কাবিদ। পনট্রিপিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এই অর্জনে বিশ্বময় মৌলভীবাজারবাসীসহ গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় মেয়র নির্বাচিত হওয়ায় আমিনুর রহমান কাবিদকে অবিরাম ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ তাঁর আগামী দিনের পথচলা আর ও সুন্দর ও সাফল্যময় হোক এই প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছর আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে পনট্রিপিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রতিশ্রুতি দেন তিনি।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড, স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
মৌলভীবাজার জেলা সদর বাহারমর্দান গ্রামের একসময়ের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে মৌলভীবাজার এর সাবেক ছাত্রনেতা ইয়াং ট্যালেন্ট আমিনুর রহমান কাবিদ বৃটেনে এসে ও কমিউনিটি সেবায় এবং বৃটিশ রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করে চলছেন।
বাংলাদেশে অবস্থানকালে মৌলভীবাজার কলেজ ছাত্রলীগ এর দায়িত্ব সফলভাবে পালনের পর বাবার পারিবারিক ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। প্রবাসে আসার পর ও কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ দিন ধরে ওয়েলসের পন্টিপ্রিডের ট্রিফরেস্ট ওয়ার্ডের লকেল কাউন্সিলার হিসাবে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে দক্ষতার সাক্ষর রেখেছেন।
—————————————-
বদরুল হক মনসুর,
কাডিফ ওয়েলস ইউকে,

