মোঃ শামীম হোসেন – খুলনাঃ সুন্দরবনে বিশেষ যৌথ অভিযান “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১২ মে মঙ্গলবার সকালে বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ (এক্স) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা দাকোপ থানার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুখ্যাত বনদস্যু মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) আটক করা হয়। তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে দস্যুতা, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। উল্লেখ্য, আটক মেজ জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

