সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক ব্যক্তির ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মুফতি সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাসায় অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে দেখেন তিনি। একই সঙ্গে তাকে নিয়ে জঙ্গি সংশ্লিষ্ট ট্যাগ ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়াও ওই আইডি থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেছেন ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, “হানি হানি” নামের একটি ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে। অভিযুক্ত আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মুফতি সাইফুল ইসলাম বলেন, “আমার ছবি ও নাম ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করেছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
তাহিরপুর থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

