মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরণের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তা আমাদের জানার প্রয়োজন নেই; দল-মত ও ধর্ম নির্বিশেষে ‘দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার’—এই নীতি বুকে ধারণ করে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “ভারতে সাম্প্রদায়িক মৌলবাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মৌলবাদ কখনো শান্তি আনতে পারে না। আমরা একসময় গর্ববোধ করতাম যে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু বর্তমানে সেখানে মৌলবাদের কারণে অশান্তি তৈরি হয়েছে। আমরা সেই ভুলের পুনরাবৃত্তি এ দেশে হতে দেব না। মৌলবাদ সমাজ, শান্তি ও সাম্যের শত্রু। এই মৌলবাদ যাতে এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে একে প্রতিহত করতে হবে।”
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গুজব ছড়িয়ে যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।” এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আগে একটি ধারণা ছিল যে আপনারা একটি বিশেষ দলকে ভোট দেন। কিন্তু বিগত নির্বাচনে আপনারা সেই ধারণা ভুল প্রমাণ করেছেন এবং বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় এনেছেন।”
এছাড়া ও চাটখিল উপজেলার
মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা ২ টি পুজামন্ডপ, নাহারখিল কুমার বাড়ি পুজামন্ডপ, শিবপুর পুজামন্ডপ, খিলপাড়া কেন্দ্রীয়(বাজার) পুজা মন্ডপ, রামনারায়নপুর কুরী বাড়ী পুজামন্ডপ, সোমপাড়ায় সনাতন হরিসভা ও মেস্ত্রী বাড়ী পুজামন্ডপ, সাহাপুরে পুজা মন্ডপ, চাটখিল কেন্দ্রীয় পুজা মন্ডপ, যুবরাজ মায়ের মন্দির পুজামন্ডপ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। একই দিন সকালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক সাহাপুর-দশঘরিয়া বাজার রাস্তা মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের শোল্লা গ্রামে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ঘর সমূহ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
পাল্লা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ চৌধুরী, আনিছ আহমেদ হানিফ, গোলাম মোস্তফা ভূঁইয়া, মিজানুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপন এবং জগন্নাথ মন্দিরের সভাপতি উত্তম কুমার দাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এক: স্বাস্থ্যমন্ত্রী

