আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দিচ্ছে সৌদি আরব

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:20 am
Link Copied!

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্তমান সরকারের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। হুথিদের কবল থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং দেশজুড়ে স্থিতিশীলতা ফেরাতে সরকার যে সামরিক অভিযান পরিচালনা করছে, তাতে রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সৌদি মন্ত্রিসভার বিবৃতিতে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া গোষ্ঠীর কঠোর সমালোচনা করা হয়েছে। সৌদি সরকারের দাবি, হুথিরা আলোচনার পরিবর্তে সামরিক উসকানি ও উত্তেজনার পথ বেছে নিয়েছে, যা ইয়েমেনের সাধারণ মানুষের মানবিক ও অর্থনৈতিক দুর্দশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া হুথিরা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচলের ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন: কাতারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, সাকুরা সুপারমার্কেট ১০ দিন বন্ধ

এর আগে গত রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের দখলে থাকা অবশিষ্ট অঞ্চল পুনরুদ্ধারে বড় ধরনের অভিযানের ঘোষণা দেন। এর পরপরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী যুদ্ধের সূচনা করে। সরকারি বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি ফ্রন্টে অগ্রগতির দাবি করা হয়েছে। এর মধ্যে কৌশলগত লোহিত সাগরীয় বন্দরনগরী মোকা পুনর্দখলের বিষয়টি অন্যতম। দাবি করা হয়েছে যে, তীব্র সংঘর্ষ ও বিমান হামলার মাধ্যমে শহরটির নিয়ন্ত্রণ পুনরায় সরকারি বাহিনীর হাতে এসেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি ইয়েমেনের বর্তমান সরকারের প্রতি সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি স্পষ্ট করেছেন, ইয়েমেনের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রিয়াদ দেশটির সরকারের পাশে থাকবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।