DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলে এলপিজি সংকট: পাম্প মালিকদের সিন্ডিকেটের কারসাজি

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:19 pm
Link Copied!

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গত চার দিন ধরে এলপিজি গ্যাস পাম্পগুলো কৃত্রিম সংকট তৈরি করে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামসহ এই অঞ্চলের কয়েক শতাধিক পাম্পে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাড়তি মুনাফার আশায় গ্রাহকদের গ্যাস দেওয়া হচ্ছে না। অনেক পাম্পে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখানো হচ্ছে, যা সাধারণ গ্রাহক ও পরিবহন মালিকদের চরম ভোগান্তিতে ফেলেছে। অনেকে পাম্পে তালা দিয়ে শটকে পড়েছেন। তবে খোঁজ নিয়ে জানা যায় প্রতিটি পাম্পে এলপিজি গ্যাস মজুত রয়েছে। তারা আরো বলেন, দিনাজপুর দশ মাইল হয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় যাওয়ার পথে হাইওয়ে সড়কের পাশে অবস্থিত সব গ্যাস পাম্পে পর্যাপ্ত গ্যাস রয়েছে, প্রশাসন একটু তদন্ত করলেই পাম্পগুলোতে পর্যাপ্ত গ্যাসের সন্ধান মিলবে।

দিনাজপুর দশমাইল এলাকার এলপিজি পাম্পগুলোর প্রতিবেশী দোকানদারদের মতে, পাম্পগুলোতে পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। সরবরাহকারী ট্রাক আসার পরের দিন থেকেই পাম্প মালিকরা গ্যাস নেই বলে প্রচার শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি উদ্যোগকে বেকায়দায় ফেলে গ্যাসের দাম বাড়ানোর লক্ষ্যে এই সিন্ডিকেট পরিকল্পিতভাবে জনগণের পকেট কাটার কৌশল নিয়েছে। প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালালে এই সংকট তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব বলে তারা মনে করছেন। দাম বাড়লে বাস মালিকরা বেশি টাকা পাবেন আমাদেরকে সুবিধা দেবেন।

লালমনিরহাট কাকিনা গ্যাস পাম্পের এক কর্মচারী জানান, পাম্পে গ্যাস থাকা সত্ত্বেও মালিক বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি জানান, তেলের দাম বাড়ার কারণে গ্যাসের দামও বাড়বে—এই প্রত্যাশায় মালিকরা মজুদ বাড়াচ্ছেন। গোবিন্দগঞ্জের এক পাম্পকর্মী মুরশিদুল ইসলাম জানান, মালিকের নির্দেশ অমান্য করার সুযোগ নেই, তাই গ্রাহক এলে তারা গ্যাস নেই বলে জানিয়ে দিচ্ছেন। একই অবস্থা পাগলাপীর এলাকার পাম্পগুলোতেও, যেখানে কর্মীরা অসহায়ত্বের কথা জানিয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে তারা এলপিজির ওপর নির্ভরশীল। গাড়িচালক মিজান, মিলন, সাজু ও মোজাফফরের অভিযোগ, তারা বিভিন্ন পাম্পে খোঁজ নিয়েও গ্যাস পাচ্ছেন না। কেউ বলছেন মেশিন নষ্ট, আবার কেউ বলছেন ঢাকা থেকে মিস্ত্রি আসতে সপ্তাহখানেক সময় লাগবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক জানিয়েছেন, তারা জেনেশুনে যেসব পাম্পে মজুদ আছে সেখানে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছেন।

মিঠাপুকুর হাসনা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জগদীশ দাবি করেছেন, তাদের পাম্পে গ্যাস থাকলেও মেশিন নষ্ট। তবে কেন গ্যাস সরবরাহ বন্ধের দিনই যন্ত্র বিকল হলো, সেই প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। অন্যদিকে বিসমিল্লাহ এলপিজি পাম্পের ম্যানেজার রায়হান কবির জানিয়েছেন, এলপিজির দাম ৪৩ টাকা থেকে ধাপে ধাপে বেড়ে ৮৯ টাকা পর্যন্ত উঠেছিল। এরপর কয়েক দফায় কমে বর্তমানে ৭৩.০৯ টাকায় বিক্রি হচ্ছে। তার মতে, বর্তমানে দাম বাড়ানোর মতো কোনো যৌক্তিক কারণ নেই।

বদরগঞ্জের মন্ডলের হাট এলপিজি পাম্পের মালিক আব্দুল ওয়াহেদ জানান, তারা ছোট ব্যবসায়ী হিসেবে বড় সরবরাহকারী প্রতিষ্ঠানের সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন। ফ্রেশ, বেক্সিমকো ও যমুনার মতো বড় প্রতিষ্ঠানগুলো নিজেরা পাম্প পরিচালনার পাশাপাশি অন্য পাম্পগুলোতেও গ্যাস সরবরাহ করে। তার অভিযোগ, মূলত তারাই সিন্ডিকেট করে সরকারকে বেকায়দায় ফেলে দাম বাড়াতে চাচ্ছে। মূলত তারা বাড়তি দামের আশায় সরকারকে বেকায়দায় ফেলার পায়তারায় লিপ্ত। তাদের এই হটকারী সিদ্ধান্তে বিপাকে পড়েছে এলপিজি চালিত মোটরযান মালিক ও ভাড়ায় চালিত গাড়িচালকরা।

রংপুর জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আখতারা ওসমানীর মতে, এই সিন্ডিকেট সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বিএনপি নেতা শামসুজ্জামান সামু এই সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানিয়েছেন, পাম্পগুলোতে মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার বিষয়টি তদন্ত করা হবে। জনগণের জিম্মি করে ফায়দা হাসিল করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।